জুলাই মাসে ধর্ষণের ঘটনা ৮৩টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের দেওয়া তথ্যমতে, গত জুলাই মাসে মোট ৩৬৮ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৮৩টি। গণধর্ষণের শিকার হন ১৫ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে নয়জনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৯ জনকে। শ্লীলতাহানির শিকার হন ১০ জন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংস্থাটির লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
মহিলা পরিষদ বলছে, জুলাই মাসে ৬২ নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন ৪১ জন নারী। এদের মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১৯ জনকে। অ্যাসিডদগ্ধ হয়েছেন চারজন। অপহরণের ঘটনা ছয়টি। নারী ও শিশু পাচার হয়েছে চারজন। এর মধ্যে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে দুজনকে। চারজন গৃহপরিচারিকা নির্যাতনের শিকার হন। এর মধ্যে হত্যা করা হয়েছে দুজনকে।
প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসে উত্ত্যক্তের শিকার হয়েছেন ২৪ জন। এর মধ্যে আত্মহত্যা করেছেন একজন। ফতোয়ার শিকার হন সাতজন। বিভিন্ন নির্যাতনের কারণে ২৬ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং নয়জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহের শিকার হয়েছে তিনজন। পুলিশি নির্যাতনের শিকার হন দুজন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩০ জনকে।
ওসিসিতে মহিলা প্রতিমন্ত্রী: গতকাল দুপুরে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন ধর্ষণসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার নারী ও শিশুদের দেখতে যান। রাজধানীর উত্তরায় গণধর্ষণের শিকার কর্মজীবী কিশোরীও এখানে চিকিৎসাধীন। প্রতিমন্ত্রী ওই কিশোরীকে বলেন, ‘ভয় পাবে না। যারা এই ধরনের কাজ করেছে তারা অপরাধী। তুমি কোনো দোষ করোনি। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।’ তিনি ওসিসিতে থাকা অন্যদের সঙ্গেও কথা বলেন।