জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় ৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতায় সাতজন নিহত ও এক হাজার ২৪৭ জন আহত হয়েছে। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের মাসিক মানবাধিকার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।গত মাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ২৪৯ ও বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ৬১ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অধিকারের তথ্য অনুযায়ী, গত মাসে ৬০ জন কিশোরী ও নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। এর প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে একজন নিহত ও ১২ জন নারী-পুরুষ আহত হন।রাজনৈতিক বিবেচনায় গণহারে ফৌজদারি মামলা প্রত্যাহার ও রাষ্ট্রপতি কর্তৃক খুনের মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। অধিকারের প্রতিবেদনে বলা হয়, লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এর আগে ২০১০ সালের সেপ্টেম্বরে তিনি নাটোরের আলোচিত সাব্বির আহাম্মেদ গামা হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া ২০ জনের সাজাও মওকুফ করেন। বিএনপি সরকারের আমলেও মৃত্যুদণ্ড পাওয়া আসামি জিন্টুকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি মওকুফ করে দেওয়া হয়েছিল। এভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্ষমা পেলে বিচার ব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাবে এবং যে কেউ অপরাধ করে পার পেয়ে যেতে পারে—এ দৃষ্টান্তই দেশে প্রতিষ্ঠিত হবে। ক্ষমার এ-প্রক্রিয়া বন্ধ করা ও দায়মুক্তির সংস্কৃতি পরিহার করে বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করার সুপারিশ করেছে সংস্থাটি।অধিকারের তথ্য অনুযায়ী, গত মাসে নয়জন ব্যক্তি থানা হেফাজতে মৃত্যুবরণ করেছেন। র‌্যাবের কথিত ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন একজন।প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ তিনজন বাংলাদেশিকে হত্যা করেছে।