জুলাইতে ৪৭ শতাংশ বৃষ্টিপাত কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা আষাঢ়-শ্রাবণ মাসে তুমুল বৃষ্টি হবে—এমনটাই স্বাভাবিক। বছরের এই সময়টাতে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি থাকার কথা। আষাঢ় পেরিয়ে শ্রাবণ শুরু হলেও ভারী বৃষ্টির দেখা নেই। আবহাওয়া বিভাগের হিসাবে ১৮ জুলাই পর্যন্ত ৫২৩ মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক প্রত্যাশা ছিল। গত শনিবার পর্যন্ত ৪৭ শতাংশ বৃষ্টি কম হয়েছে।চলতি সপ্তাহে স্বাভাবিক ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে জুলাইয়ের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে বলে তাঁরা মনে করছেন।বৃষ্টি কম হওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিষয়ক আন্তর্জাতিক সংস্থাগুলো ‘এল নিনো’কে দায়ী করছে। দীর্ঘ সাত বছর পর এবার পৃথিবীতে এল নিনো শক্তিশালী হয়ে উঠেছে। এর কারণে পেরু উপসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে। তাই বাংলাদেশ, দক্ষিণ ভারত, ফিলিপাইন ও থাইল্যান্ডে ভরা বর্ষায়ও বৃষ্টিহীন খরা পরিস্থিতির উদ্ভব হয়েছে। এই পরিস্থিতি চলতি বছরের বাকি সময়জুড়ে প্রলম্বিত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক আবহাওয়া গবেষণা সংস্থা প্যাসিফিক এনসো অ্যাপ্লিকেশন সেন্টারের প্রিন্সিপাল রিসার্চ সায়েন্টিস্ট রাশেদ চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে জানান, ‘২০০৬-০৮ সালে পর পর দুবার “লা নিনা”র পর ২০০৯ সালে মাঝারি ধরনের এল নিনোর উদ্ভব হয়। এই এল নিনো বর্তমানে আরও অধিক শক্তি অর্জন করে ২০১০ সালের মাঝামাঝি পর্যন্ত সক্রিয় থাকবে বলে মনে হচ্ছে।’ বাংলাদেশের ক্ষেত্রে এল নিনো ও লা নিনার প্রভাব সহজ সমীকরণের মতো মন্তব্য করে তিনি বলেন, ‘লা নিনার বছরে অধিক বৃষ্টি ও বন্যা হবে। এল নিনোর সময় স্বাভাবিকের চাইতে কম বৃষ্টি ও বন্যা হয়।’এনসো অ্যাপ্লিকেশন সেন্টারের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯৬৪, ১৯৭৩, ১৯৭৫, ১৯৮৮, ১৯৯৮ সালে লা নিনা শক্তিশালী থাকায় বাংলাদেশে বৃষ্টি ও বন্যার পরিমাণ বেশি ছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যাশনাল ক্লাইমেট ডেটা সেন্টারের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছর পৃথিবী স্মরণকালের সবচেয়ে উষ্ণতম বছর পার করছে। গত ১০০ বছরের মধ্যে এর আগের উষ্ণতম বছর ১৯৯৮ সালের প্রথম ছয় মাসের চেয়ে ২০১০ সালের প্রথম ছয় মাসে তাপমাত্রা দশমিক ০৩ ডিগ্রি ফারেনহাইট বেশি।সংস্থাটি বলছে, থাইল্যান্ডের উত্তরাঞ্চল গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে ভয়াবহ খরা মোকাবিলা করছে। আর ১৯২০ সালের পর ইসরায়েল এবারই প্রথম দীর্ঘমেয়াদি ও সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে। ব্রিটেন ১৯২৯ সালের পর সবচেয়ে শুষ্ক মৌসুম পার করছে।সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী সুজিৎ কুমার দেবশর্মাও এল নিনোর প্রভাবে বৃষ্টি কম হওয়ার কথা বলেছেন। এ ছাড়া এ বছর ঘূর্ণিঝড় লায়লার কারণে মৌসুমি বায়ু অপরিণত অবস্থায় বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেছে। ফলে বৃষ্টি কম হচ্ছে বলেও তিনি জানান। গত বছরের জুলাই মাস পর্যন্ত ৪০ শতাংশ বৃষ্টি কম হলেও আগস্টে গিয়ে মৌসুমি বায়ু শক্তিশালী হওয়ায় বৃষ্টি বেড়েছিল। এ বছরও আগস্টের দিকে বৃষ্টি বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের উজানে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি মাসে এক থেকে দুটি মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কা করেছিলেন আবহাওয়াবিদেরা।আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম বলেন, চীন, দক্ষিণ ভারত ও বাংলাদেশ অংশে বৃষ্টিপাত কম হচ্ছে। সাগর শান্ত রয়েছে ফলে আপাতত নিম্নচাপের আশঙ্কাও না থাকায় চলতি সপ্তাহে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। তবে মাসের শেষ দিকে বৃষ্টিপাত বাড়তে পারে।