আগামী মাসের মধ্যে ওয়ার্ডগুলোয় এবং জুলাইয়ের মধ্যে থানাগুলোর সম্মেলন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর শাখা। গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকালের বর্ধিত সভায় তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে বিরোধী দলের আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় প্রস্তুত রাখার তাগিদ দেন দলীয় নেতারা। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নেওয়ারও কথা বলা হয়।
গতকালের বৈঠকে নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন, সুনীল সরকার, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
নগরে ৪৪টির মধ্যে দুটি সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন শেষ হয়েছে। আজ শনিবার ৩৮ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলনের দিন ধার্য রয়েছে। পর্যায়ক্রমে জুনের মধ্যে বাকি ৪১টি ওয়ার্ডের সম্মেলন শেষ হওয়ার কথা। জুলাইয়ে ১২টি থানার সম্মেলন করারও সিদ্ধান্ত হয়। এরপর হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন।