জুলাইয়ে কর্ণফুলীতে টানেল নির্মাণ শুরু
কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আগামী বছরের জুলাই মাস নাগাদ টানেল নির্মাণের কাজ শুরু হবে। পতেঙ্গা নেভাল একাডেমির ফটকের কাছ থেকেই এ টানেল নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ওই জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য প্রকাশ করেন।যোগাযোগমন্ত্রী বলেন, টানেল নির্মাণের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা। প্রাথমিকভাবে তহবিল পাওয়া না গেলেও আমরা আশা করছি চীন এতে অর্থায়ন করবে। এ ব্যাপারে সরকার শিগগিরই চীনের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উপস্থাপন করবে। ওবায়দুল কাদের টানেলের বর্ণনা দিয়ে বলেন, মূল টানেলের দৈর্ঘ্য হবে তিন কিলোমিটার। তবে দুই পাশের সংযোগ সড়কসহ মোট দৈর্ঘ্য দাঁড়াবে নয় কিলোমিটার। নেভাল একাডেমির কাছ দিয়ে টানেলটি শুরু হয়ে কর্ণফুলীর দক্ষিণপাড়ে কাফকো এলাকায় শেষ হবে। এরপর সেটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যুক্ত হবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, চীনা প্রতিষ্ঠান কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড গত বছরের ১ এপ্রিল থেকে টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। প্রতিষ্ঠানটি শাহ আমানত সেতু, বারিক বিল্ডিং মোড় ও পতেঙ্গা নেভাল একাডেমি এলাকায় জরিপ চালায়। শহরের অবস্থা, যানজট, নির্মিত রাস্তাঘাট ও গভীর সমুদ্রবন্দর মাথায় রেখে পতেঙ্গা নেভাল একাডেমি এলাকাকে বাছাই করা হয়। সরকারও ওই জায়গায় টানেল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয়। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টানেলটি কেবল ট্রানজিটের ক্ষেত্রেই নয়, বরং এর ব্যবহার হবে বহুমুখী। এর মাধ্যমে কর্ণফুলীর দক্ষিণপাড়ে আরেকটি শহর গড়ে উঠবে।