মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে দেশে ১৫ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে পুলিশের হাতে মারা গেছেন ১১ জন। বাকি চারজন মারা গেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের হাতে।
গতকাল শুক্রবার এই প্রতিবেদন গণমাধ্যমে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নয়জন কথিত অপরাধী, দুজন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) সদস্য। বাকি চারজনের মধ্যে বিএনপি, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য, ঝুট ব্যবসায়ী ও ওয়ার্ড কাউন্সিলর আছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইনি প্রক্রিয়ার বাইরে এসে বিচারবহির্ভূতভাবে সন্দেহভাজনদের হত্যা করাকে নীতি হিসেবে গ্রহণ করেছে। আর এ ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের দায়মুক্তিমূলক বক্তব্য তাদের এ কাজে আরও উৎসাহিত করছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকায় দেশের আইন ও বিচারব্যবস্থা প্রতিনিয়তই হুমকির সম্মুখীন হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান গতকাল প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে থাকা অধিকারের মানবাধিকারকর্মীদের অনুসন্ধানের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়। এ ছাড়া সংবাদপত্রও এই প্রতিবেদন তৈরির আরেক উৎস।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন আটজন এবং আহত হয়েছেন ৫৮৯ জন। এ সময় আওয়ামী লীগের ৩৫টি এবং বিএনপির পাঁচটি অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে দুজন নিহত ও ৪২৮ জন আহত হয়েছেন। একই সময়ে বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ৫২ জন আহত হন।
অধিকারের প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে তৈরি পোশাকশিল্প কারখানায় বকেয়া বেতন-ভাতা ও বোনাসের দাবিতে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় একজন শ্রমিক আগুনে পুড়ে মারা যান এবং ৬৪ জন শ্রমিক পুলিশের হাতে, ২০ জন শ্রমিক কারখানা কর্তৃপক্ষের হাতে, ১৩ জন শ্রমিক আগুনে ও ২৫ জন শ্রমিক আগুন লাগার কারণে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে আহত হন।
প্রতিবেদনে গত ৫ জুলাই রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) কমিশনের সদস্যদের ওপর দুর্বৃত্তদের হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালিনির্বিশেষে সবার মানবাধিকার রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় প্রতিবেদনে।