জুলাইয়ের বেতন পেলেন না বেসরকারি শিক্ষকেরা
বগুড়ার দুপচাঁচিয়ায় বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গত জুলাই মাসের বেতন পাননি। গতকাল বুধবার শিক্ষকেরা বেতন নেওয়ার জন্য সকাল থেকেই ব্যাংকগুলোয় ভিড় জমান এবং সারা দিন অপেক্ষা করে বেতন না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরে যান।সোনালী ব্যাংকের দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক ফারায়জুল হক বলেন, সকাল থেকেই বগুড়ায় যোগাযোগ করে শিক্ষকদের বেতন উত্তোলনের আদেশ পাওয়া যায়নি। বেলা পৌনে তিনটায় শিক্ষকদের হিসাবে বেতন জমা হলেও আদেশ না আসায় বেতন দেওয়া সম্ভব হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলায় বেসরকারি ৩২টি স্কুল, ছয়টি কলেজ, ২৬টি মাদ্রাসা ও ২০টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক হাজার ১০০ শিক্ষক চাকরি করেন। গত সপ্তাহে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাঁদের জুলাই মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করে। সেই মোতাবেক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকদের বেতন বিল তৈরি করে। গতকাল বুধবার শিক্ষকেরা বেতন পাওয়ার আশায় সকাল থেকেই ব্যাংকগুলোতে ভিড় করেন।দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদ ফকির জানান, বেতন বিল নিয়ে সকাল থেকে ব্যাংকে অপেক্ষা করে বিকেলে খালি হাতে শিক্ষকদের ফিরতে হয়েছে।দুপচাঁচিয়া জে কে কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, জুলাই মাসের বেতন দেওয়ার ঘোষণা পেয়েই শিক্ষকদের বিল ফরম তৈরি করে অফিস সহকারীকে ব্যাংকে পাঠিয়ে কোনো লাভ হলো না।রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, ‘আমাদের সরকারীকরণের সবকিছু ঠিক হয়েছে। কিন্তু সরকারি বেতন পাওয়ার আগে এ পর্যন্ত আমরা আগের নিয়মে বেতন পাচ্ছি। গতকাল জুলাই মাসের বেতন ব্যাংকে গিয়েও পেলাম না।’