জুলুম না করতে প্রশিক্ষিত করা হচ্ছে পুলিশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশ যেন কারও প্রতি জুলুম না করে সে জন্য তাদের প্রশিক্ষিত ও অনুপ্রাণিত করা হচ্ছে। আমরা এমন পুলিশ চাই, যে পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে দাঁড়াবে।’
গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশের এক বিট পুলিশিং সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে কমিশনার বলেন, ‘আপনারা নির্ভয়ে ব্যবসা করবেন, আমরা পাহারা দেব। চাঁদাবাজ এলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।’
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম, যুগ্ম পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।