জুস খাইয়ে ১৩ দিনমজুরের সর্বস্ব লুট
নাটোরে দুর্বৃত্তদের দেওয়া জুস ও বিস্কুট খেয়ে ১৩ ধান কাটা শ্রমিক জ্ঞান হারিয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। দুর্বৃত্তরা এসব শ্রমিকের কাছে থাকা টাকা লুটে নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ট্রাকসহ এক চালককে আটক করেছে।বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, অচেতন হয়ে পড়া শ্রমিকেরা হচ্ছেন রাজশাহীর তানোর উপজেলার চকরমত গ্রামের আশরাফুল ইসলাম (২২), মোজাম্মেল (১৭), রিমন (১৬), শামীম (১৭), একই উপজেলার লালপুর গ্রামের মতিউর রহমান, ফায়জুল ইসলাম (২৫), মিজানুর রহমান (২০), আলফাজ (২০), আবু বাক্কার (৩০), নূর মোহাম্মদ (২৪), নাটোরের নলডাঙ্গা থানার বানুরভাগ গ্রামের কেরামত হোসেন (৩২), মনির উদ্দিন (২৮) ও খায়রুল ইসলাম (২৫)।তাঁরা মঙ্গলবার রাতে ধান কাটা শেষে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১১-১০৭৯) ওঠেন। তাঁদের সঙ্গে দুই প্রতারকও ওই বাসে ওঠে। তারা আলাপচারিতার একপর্যায়ে শ্রমিকদের জুস ও বিস্কুট খাওয়ায়। কিছুক্ষণের মধ্যে শ্রমিকেরা অচেতন হয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোনের সেট নিয়ে বনপাড়া-হাটিকুমরুল সড়কের হাটিকুমরুলে নেমে যায়।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বুধবার ভোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় টহল পুলিশ তল্লাশিকালে একটি ট্রাকে ১৩ জন শ্রমিককে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তখন পুলিশ চালক সুলতান মিয়াসহ ট্রাকটি আটক করে। পুলিশ অচেতন শ্রমিকদের নাটোর সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। এখন পর্যন্ত তাঁরা হাসপাতালে ভর্তি আছেন।হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল গনি জানান, চেতনানাশক দ্রব্য মেশানো জুসজাতীয় তরল পানীয় খাওয়ানোর ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। ধীরে ধীরে তাঁদের জ্ঞান ফিরে আসার কথা।