জুড়াছড়িতে বিনা মূল্যের বীজ বিক্রির অভিযোগ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুড়াছড়ি উপজেলা কার্যালয়ের অফিস সহকারী সন্তোষ কুমার চন্দের বিরুদ্ধে কৃষকদের জন্য বরাদ্দ বিনা মূল্যের আদাবীজ বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি কার্যালয় থেকে জুরাছড়ি উপজেলা কার্যালয়ে ৪০০ কেজি আদাবীজ পাঠানো হয় ২৪ মার্চ। কিন্তু ওই বীজ সন্তোষ কুমার চন্দ গোপনে বিক্রি করে দেন। উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্যামলকান্তি চাকমা জানান, সরকারি বিভিন্ন সাহায্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় বিতরণের নিয়ম রয়েছে। কিন্তু আদাবীজ বিতরণের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির উপপরিচালক কাজল তালুকদার বলেন, বিষয়টি গত বুধবার শুনেছেন। তবে কী পরিমাণ বীজ বিক্রি করা হয়েছে তা তিনি জানেন না বলে জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জুরাছড়ি কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ৬ এপ্রিল রাত আটটার দিকে রুস্তম আলী নামের এক শ্রমিকের মাধ্যমে অফিস সহকারী সন্তোষ কুমার আদাবীজগুলো উপজেলা বাজারের ‘ক্যান্টিন’ নামে পরিচিত মো. আলীর চায়ের দোকানে পাঠান। পরদিন সকালে সেখান থেকে প্লাস্টিক পণ্যের ব্যবসায়ী মফিজ আদাবীজগুলো রাঙামাটিতে নিয়ে যান। সন্তোষ কুমারের নির্দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুড়াছড়ি কার্যালয় থেকে আদাবীজ বস্তায় করে মো. আলীর ক্যান্টিনে নেওয়ার কথা স্বীকার করেছেন রুস্তম আলী। তবে ব্যবসায়ী মো. মফিজ ওই দোকান থেকে ১০২ কেজি আদাবীজ নেওয়ার কথা স্বীকার করে বলেন, বীজগুলো সরকারি কিনা তা তিনি জানেন না। সন্তোষ কুমার চন্দের সঙ্গে কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াছিন আলীর সঙ্গে ঢাকায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত করে বীজ বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।