জুড়ী আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি একাংশের প্রত্যাখ্যান
‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন নিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগে বিরোধ দেখা দিয়েছে। দলের একাংশ গত বৃহস্পতিবার জরুরি সভা ডেকে এ কমিটি প্রত্যাখ্যান করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ গত ১৪ সেপ্টেম্বর দলের জেলা কমিটির সহসভাপতি বদরুল হোসেনকে আহ্বায়ক করে ২৫ সদস্যের জুড়ী উপজেলা ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ অনুমোদন করেন। এই কমিটিকে তিন মাসের মধ্যে সব ইউনিয়ন কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং কমিটি গঠন না হওয়া পর্যন্ত যাবতীয় দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে বলা হয়।
এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত জুড়ী মডেল উচ্চবিদ্যালয় চত্বরে আওয়ামী লীগের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আজির উদ্দিনের সভাপতিত্বে জরুরি সভা হয়।
এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, সদস্য আবদুর নূর, শাহাব উদ্দিন আহমদ, ফয়াজ আলী প্রমুখ।
সভায় আওয়ামী লীগসহ সহযোগী বিভিন্ন সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তবে সম্মেলন প্রস্তুতি কমিটিতে স্থান পাওয়া অধিকাংশ নেতা অনুপস্থিত ছিলেন।
দলের একটি সূত্র জানায়, আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে বর্তমান সাংসদ মো. শাহাব উদ্দিন ছাড়াও জুড়ীর বাসিন্দা মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মোহাইমিন দলের মনোনয়নপ্রত্যাশী। শাহাব উদ্দিনের বাড়ি বড়লেখায়। তিনি বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
জুড়ীর ‘সম্মেলন প্রস্তুত কমিটিতে’ স্থান পাওয়া নেতা-কর্মীদের মধ্যে শাহাব উদ্দিনের অনুসারীদের সংখ্যা বেশি। শাহাব উদ্দিন নিজেও এ কমিটির সর্বশেষ সদস্য। কমিটিতে এম এ মোহাইমিন, তাঁর বড় ভাই এম এ মুমিতসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বাদ পড়েছেন।
সভার সত্যতা নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজির উদ্দিন বলেন, ‘আগামী নির্বাচনে দল যাঁকে মনোনয়ন দেবে আমরা তাঁর পক্ষেই কাজ করব। অথচ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের ব্যাপারে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এমনকি এমপি সাহেব আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। গোপনে এ কমিটি গঠন হয়েছে। এতে আমরা অসম্মানিত হয়েছি। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এ কমিটি মেনে নেননি। তাই, এ কমিটিকে প্রত্যাখ্যান করা হয়েছে।’
সাংসদ মো. শাহাব উদ্দিন দাবি করেন, এ কমিটি (সম্মেলন প্রস্তুতি কমিটি) গঠনের ব্যাপারে তিনি আগে থেকে কিছু জানতেন না। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ থাকলে সেটা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে গত শনিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ দাবি করেন, দলের জুড়ী উপজেলা কমিটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেই তাঁরা ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন করে দিয়েছেন। আর বৃহস্পতিবারের সভা সম্পর্কে তিনি কিছু জানেন না।