টানা তিন দিনের বৃষ্টিতে পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ৪৯৪ একর জমির আধা পাকা রোপা আমন ধান ও সবজিখেত তলিয়ে গেছে। কমলগঞ্জের দুটি বাঁধ ভেঙে প্রায় ২৫ একর জমির আমন ধান ও ৫ একর জমির সবজিখেত তলিয়ে গেছে।
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত শনিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়। সোমবারও তা চলছিল। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাশিনগর, উত্তর বড়ডহর, দক্ষিণ বড়ডহর, দক্ষিণ সাগরনাল, বরইতলি হাওর, জালালপুর, মন্ত্রীগাঁও, পশ্চিম বড় ধামাই, ফুলতলা বস্তি, কোনাগাঁও ও বিরইনতলা গ্রামের প্রায় ৪৯৪ একর নিচু জমির রোপা আমন ধান ও সবজিখেত তলিয়ে যায়।
সরেজমিনে গত সোমবার দেখা যায়, জুড়ী-ফুলতলা সড়কের পাশে কাশিনগর হাওরের বিস্তীর্ণ জমির আমন ধান তলিয়ে গেছে।
উত্তর বড়ডহর গ্রামের তৈমুছ আলী বলেন, রোববার সকালে তাঁদের এলাকায় ঢলের পানি ঢুকে আমন ধানের জমি তলিয়ে যায়।
রানীমোড়া এলাকার রাজা মিয়া বলেন, ‘দুই কিয়ারে (বিঘা) বিআর-১১ জাতের ধান করছি। ফসল পাকতেও শুরু করছে। অখন পুরাটাই পানির তলে।’
সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী বলেন, তাঁর এলাকার ১২৪ একর জমির আমন ধানের খেত পানির নিচে।
ফুলতলা ইউপির চেয়ারম্যান ফয়াজ আলী বলেন, তাঁর এলাকায় ২৪৭ একরের আমন ও সবজিখেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ব জুড়ী ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ ও গোয়ালবাড়ী ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ জানান, তাঁদের এলাকায় প্রায় ১২৪ একর জমির আমন ধান তলিয়ে গেছে।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। বৃষ্টি থামলে পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না। সোমবার রাতে বৃষ্টি না হওয়ায় বিভিন্ন স্থানে পানি কমতে শুরু করেছে।
এদিকে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন বলেন, সোমবার সকালে মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নে ধলাই প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থান ভেঙে গেছে। এই ভাঙন দিয়ে পানি ঢুকে প্রায় ২৫ একরের আমন ফসল ও ৫ একর জমির সবজিখেত তলিয়ে গেছে। তবে সোমবার রাত থেকে ধলাই নদের পানি কমতে শুরু করায় ও বৃষ্টিপাত বন্ধ হওয়ায় কমলগঞ্জের উঁচু এলাকার ফসলি জমি থেকে পানি নেমে গেছে। নিম্নাঞ্চলের ২৫ একর জমির ধান এখনো পানিতে নিমজ্জিত আছে। কৃষি বিভাগ এদিকে সার্বক্ষণিক নজরদারি করছে।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুল হক, সতিঝিরগাঁওয়ের কৃষক সিদ্দেক আলী, পতনঊষার ইউনিয়নের কৃষক তোবারক হোসেন বলেন, এখন অধিকাংশ গাছের ধান পেকে গেছে, বাকি অংশে আধা পাকা ধান। তিন দিন ধরে জমির ধান পানিতে নিমজ্জিত আছে। আরও এক দিন ধান পানিতে নিমজ্জিত থাকলে পুরো ধান বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কমলগঞ্জ পৌরসভার কয়েক ব্যক্তি বলেন, নিম্নচাপের ফলে শনি ও রোববারের টানা বৃষ্টিতে ধলাই নদের পানি বেড়ে পৌর এলাকার একটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। আরও ১৪টি বসতঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
পৌরসভার মেয়র জুয়েল আহমদ বলেন, ঝুঁকিপূর্ণ বসতঘরের লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সুরানন্দপুর ও কুশালপুর গ্রাম এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঢলের পানিতে কমলগঞ্জ সদর, মুন্সীবাজার, শমশেরনগর ও রহিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পানিতে মুন্সীবাজার ইউনিয়নের ঠাকুরের বাজার এলাকায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের বেশ কিছু এলাকা ডুবে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ফসলের ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো পাওয়া যায়নি। ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করা হবে।