জুড়ী ও বড়লেখায় নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে গতকাল মঙ্গলবার এবং বড়লেখায় গত সোমবার ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালিয়ে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং ওজন পরিমাপক যন্ত্র ও বিএসটিআইয়ের অনুমতিপত্র না থাকায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।জুড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের নির্বাহী হাকিম আবদুল কুদ্দুছের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের কয়েকটি এলাকায় অভিযান চালান। এ সময় ভবানীগঞ্জ বাজারের সিলেট বেকারি থেকে নগদ সাত হাজার, কামিনীগঞ্জ বাজারের ঢাকা ফুডস থেকে ১০ হাজার, মা জুয়েলার্স থেকে এক হাজার, আজিজ নেট হাউস থেকে দুই হাজার এবং আনোয়ার ক্লথ স্টোর থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানকালে অন্যান্যের মধ্যে বিএসটিআইয়ের মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক মো. কাওসার আলী ও জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।এ ছাড়া গত সোমবার বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় চান্দগ্রাম বাজারের তিনটি রেস্তোরাঁ ও একটি মুদি দোকানে অভিযান চালিয়ে নগদ নয় হাজার টাকা জরিমানা আদায় করেন।