জুড়ী নদীতে বিষ ঢেলে মাছ নিধন
মৌলভীবাজারের জুড়ী নদীর উজানে গত বুধবার রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে মাছ নিধন করেছে। বিষ দেওয়ার পর শতাধিক জাল ফেলে মাছ শিকার করেছে তারা। প্রশাসন কয়েকজন দুর্বৃত্তের পরিচয় পেলেও তাদের আটক করতে পারেনি। উপজেলা মৎস্য বিভাগ পুলিশের সহায়তায় আটটি জাল জব্দ করেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা গভীর রাতে উপজেলার ফুলতলা ইউনিয়নে নদীর উজানে বিষ ঢেলে দেয়। মাছ নিধনে তারা চা-বাগানে ব্যবহূত আগাছানাশক তরল পদার্থ ব্যবহার করে। বিষ দেওয়ার পর নদীজুড়ে বিভিন্ন প্রজাতির মাছ আধমরা অবস্থায় ভেসে ওঠে। পরে তারা সেসব মাছ ধরে নিয়ে যায়।সরেজমিনে গিয়ে জানা যায়, নদীর ভাটির দিকে সাগরনাল ও গোয়ালবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে বাঁশ পুঁতে শতাধিক জাল টেনে রাখা হয়েছে। বিষের প্রভাবে বোয়ালের পোনা, কালবাউশ, পাবদা, পুঁটি, মলা, চিংড়িসহ নানা জাতের মাছ ভেসে উঠেছে। নদীতীরবর্তী লোকজন জাল, পলো ও টেঁটা দিয়ে সেসব মাছ শিকার করছে।স্থানীয় ব্যক্তিরা জানান, কয়েক দিন বৃষ্টি না হওয়ায় উজানের পাহাড়ি ঢলও নামেনি। এই সুযোগে দুর্বৃত্তরা আগাছানাশক পদার্থ ঢেলে মাছ নিধন করেছে।