জুড়ী নদীতে ‘বিষ’ ঢেলে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী নদীতে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ‘বিষ’ ঢেলে বিভিন্ন জাতের মাছ শিকার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৎস্য অধিদপ্তর ও পুলিশের লোকজন অভিযান চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ শিকারের কাজে ব্যবহূত একটি নৌকা আটক করেছে। এলাকাবাসী ও অভিযানকারী দল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে দুর্বৃত্তরা উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ডহর এলাকায় জুড়ী নদীতে তরল ‘বিষ’ ঢালে। এতে সরপুঁটি, ট্যাংরা, চাপিলা, কালবাউশ, বোয়ালসহ বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা আধমরা হয়ে ভেসে ওঠে। খবর পেয়ে ওই দিন দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আবু ইউসুফের নেতৃত্বে পুলিশের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় করে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১০টি কারেন্ট জাল ও একটি নৌকা আটক করা হয়। টের পেয়ে জড়িত ব্যক্তিরা সটকে পড়ে।