জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাশিনগর গ্রামে জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙনকবলিত অংশ মেরামতের কাজ অবশেষে শুরু হয়েছে। সরকারের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় এই কাজ হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামের লোকসংখ্যা প্রায় দুই হাজার। নদীর প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়েই গ্রামবাসী চলাচল করে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে কয়েক বছর ধরে নদী প্রতিরক্ষা বাঁধে ভাঙন ধরেছে। ২০১১ ও ২০১২ সালে গ্রামের দিলীপ শীলের বাড়ির সামনে প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০০ ফুট ও চান্দেরঘাট এলাকায় প্রায় ৬০ ফুট ভেঙে পড়ে। এ ছাড়া গত বছর তমাল দেবনাথের বাড়ির সামনে আরও প্রায় ৫০ ফুট জায়গায় ভাঙন দেখা দেয়। এতে গ্রামবাসী দুর্ভোগে পড়ে। ভাঙনের কারণে কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যাও কমে যায়। এ বিষয়ে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন, দুর্ভোগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
সপ্তাহখানেক আগে সরকারের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির আওতায় দিলীপ শীলের বাড়ির সামনে এবং চান্দেরঘাটে মাটি ফেলে ভাঙন মেরামতের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ২৮ জন শ্রমিক সেখানে কাজ করছেন। তাঁরা নদীর তীর থেকে মাটি কেটে বাঁধ তৈরি করছেন।
সাগরনাল ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য তারা মিয়া বলেন, দুটি স্থানে ভাঙন মেরামতের কাজ চলছে। কয়েক দিনের মধ্যেই তা সম্পন্ন হবে। আর তমাল দেবনাথের বাড়ির সামনের ভাঙনটি বেশ বড়। সেখানে নদীর পাশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা না হলে ভাঙন ঠেকানো সম্ভব হবে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরাদ্দ ছাড়া এ কাজ সম্ভব হবে না।
গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক অনুকূল দেবনাথ বলেন, দুটি স্থানে মেরামতকাজ শুরু হওয়ায় গ্রামবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। বাঁধের অন্য স্থানে দ্রুত মেরামত করার দাবি জানান তিনি।