জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধে ভাঙন, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামে জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের তিনটি স্থান দীর্ঘদিন আগে ভেঙে গেলেও এখনো সংস্কার করা হয়নি। এতে ওই গ্রামের দুই হাজার বাসিন্দা বাঁধের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন। ভাঙনের কারণে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যাও কমে গেছে।
এলাকাবাসী জানান, কাশিনগর গ্রামের এক পাশ দিয়ে বয়ে গেছে জুড়ী নদী। নদীর প্রতিরক্ষা বাঁধের ওপর দিয়েই গ্রামবাসী চলাচল করেন। গত বছরের জুন মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গ্রামের তমাল দেবনাথের বাড়ির সামনে নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ৫০ ফুট জায়গায় ভাঙন দেখা দেয়। এর আগে ২০১১ ও ২০১২ সালে একই গ্রামে বাঁধের দিলীপ শীলের বাড়ির সামনে প্রায় ১০০ ফুট ও চান্দেরঘাট এলাকায় প্রায় ৬০ ফুট জায়গা ভেঙে পড়ে।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় দেখা গেছে, বাঁধের প্রস্থ প্রায় ১২ ফুট। তবে ভাঙনের ফলে তিনটি স্থানে বাঁধের প্রস্থ ৩ থেকে ৪ ফুটে নেমে গেছে। ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে হেঁটে খুদে শিক্ষার্থীরা পাশের কাশিনগর প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে। তমাল দেবনাথের বাড়ির সামনের বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান পার হয়ে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সাকিব মিয়া হাঁপাচ্ছিল। সে বলল ‘এই জায়গা পার অইতে খুব ডর লাগে।’
কাশিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাতী রানী দেবনাথ বলেন, ২০১১ সালে বিদ্যালয়ে ছাত্রসংখ্যা ছিল ২০০ জন। এখন তা কমে ৮০ জনে দাঁড়িয়েছে। শুধু ভাঙনের কারণে আশপাশের এলাকার অনেক অভিভাবক ভয়ে তাঁদের সন্তানদের এ বিদ্যালয়ে ভর্তি করাতে রাজি হন না। অভিভাবকেরা কাছাকাছি বিভিন্ন বেসরকারি সংস্থার পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করে ফেলেন।
কাশিনগর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নলিনী মোহন দেবনাথ ও সাগরনাল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রঞ্জিত দেবনাথ বলেন, সর্বশেষ গত জুলাই মাসে তাঁরা জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিনের বাড়িতে গিয়ে এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরে তাঁর কাছে বাঁধ মেরামতের দাবি জানান।
এ বিষয়ে হুইপ শাহাব উদ্দিন বলেন, জুড়ী ও সোনাই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি পানিসম্পদমন্ত্রীর কাছে কিছুদিন আগে একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, হুইপের ডিও লেটারের ভিত্তিতে দুটি নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামতের ব্যাপারে একটি কারিগরি কমিটি গঠনের জন্য তিনি ১৫ ফেব্রুয়ারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। কমিটি বাঁধগুলো পরিদর্শন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করবে। ওই প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর পর তা অনুমোদন হলে বাঁধের কাজ শুরু হবে। তবে এ প্রক্রিয়ায় বেশ সময় লাগবে।