জুড়ী নদীর মোহনা পুনর্খননের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জুড়ী নদীর মোহনা পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। এতে মৌলভীবাজার ও সিলেটের চারটি উপজেলার হাকালুকি হাওরপারের ৫৩টি গ্রামে অকালবন্যায় সৃষ্ট দীর্ঘ জলাবদ্ধতা কাটবে বলে আশা করা হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এপ্রিলের শেষ দিকে হাকালুকি হাওর উপচে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাকালুকি হাওরপারের ৫৩টি গ্রামে অকালবন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় দেড় লাখ লোক। হাজার হাজার একর জমির পাকা বোরো ফসল তলিয়ে যায়। কাঁচা বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। সূত্র জানায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকোয়ারি বিলের কাছে ২০০৪ সালে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করায় এবং মূল নদীর মোহনায় পাশের দুটি ইটভাটার খোয়া ফেলে রাখায় পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এর আগে জুড়ীর মূল ও শাখানদী দিয়ে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ঢলের পানি নিষ্কাশিত হতো। এ ছাড়া পলিতে ভরাট হয়ে যাওয়ায় জুড়ী নদীর নাব্যতা কমে গেছে। বাঁধ ও ইটভাটা অপসারণ এবং জুড়ী নদী পুনর্খননের দাবিতে কৃষক সমিতি তিন মাস ধরে বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ করছে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র জানায়, দীর্ঘ জলাবদ্ধতার বিষয়ে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন, সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গত ২৫ জুন ফেঞ্চুগঞ্জের বাঁধ এবং দুটি ইটভাটা পরিদর্শন করে। পরে এ বিষয়ে একটি প্রতিবেদন সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়। সূত্র জানায়, পানিনিষ্কাশনের পথ সুগম করতে সরকার প্রাথমিকভাবে মূল নদীর মোহনার কাছে ফেলে রাখা ইটভাটার খোয়া সরিয়ে ওই জায়গা পুনর্খননের উদ্যোগ নিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর সম্ভাবনা রয়েছে।কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ বলেন, হাওরপারের দেড় লাখ লোক চরম দুরবস্থায় দিন কাটাচ্ছে। নদী পুনর্খনন করলে জলাবদ্ধতা কাটবে। লোকজনের দুর্ভোগ লাঘব হবে। অপরিকল্পিত বাঁধটিও অপসারণ করা দরকার।মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘জুড়ী নদীর মোহনা পুনর্খননের উদ্যোগ নেওয়ার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে জেনেছি। তবে এ-সংক্রান্ত কোনো চিঠি এখনো পাইনি।’