জুড়ী নদীর মোহনায় পুনঃখননে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর মূল মোহনায় পুনঃখননকাজ ধীরগতিতে চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন ফেঞ্চুগঞ্জে গিয়ে খননকাজ দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে শুরু হওয়া জুড়ী নদী হাকালুকি হাওর দিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে গিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে কুশিয়ারা নদীতে মিশেছে। এর মধ্যে ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর এলাকায় বুড়িকিয়ারি বিলের পাশ দিয়ে যাওয়া নদীর শাখা অংশটি বন্ধ। পিটাইটিকর গ্রামটিকে নদীভাঙন থেকে রক্ষায় ২০০৪ সালে সিলেটের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই অংশের মুখে একটি বাঁধ নির্মাণ করে। মূল নদীর মোহনায় দুই পাশে স্থাপিত দুটি ইটভাটার খোয়া অবাধে ফেলে রাখায় সে জায়গাটাও সংকুচিত হয়ে পড়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে পুনঃখনন না হওয়ায় নদীটি প্রায় ভরাট হয়ে গেছে। এতে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে।পাউবো সূত্র জানায়, পানি নিষ্কাশনের সুবিধার্থে ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর মূল মোহনায় এক কিলোমিটার জায়গা পুনঃখননের কাজ গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়। এক কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে সিফাতদীপ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। ৩১ মার্চের মধ্যে ওই কাজটি সম্পন্ন হওয়ার কথা।সরেজমিনে দেখা গেছে, মূল মোহনায় ছোট আকারের একটি খননযন্ত্র দিয়ে শ্রমিকেরা কাজ করছেন। ছোট দুটি পাইপ দিয়ে নদী থেকে ওঠানো বালু মেশানো পানি পাশের একটি কবরস্থানে ফেলা হচ্ছে। একটু দূরে ৩০-৩৫ জন শ্রমিক নদীর শুকনো জায়গা থেকে মাটি কেটে অন্যত্র ফেলছেন।স্থানীয় লোকজন অভিযোগ করেন, কাজ দেরিতে শুরু হয়েছে এবং ধীরগতিতে চলছে। সাংসদ আসার খবর পেয়ে মাটি কাটার শ্রমিকদের সংখ্যা বাড়ানো হয়েছে। সাধারণত ১০-১২ জন শ্রমিক কাজ করেন।সিফাতদীপের স্বত্বাধিকারী ফিরোজ আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বড় আকারের ড্রেজার (খননযন্ত্র) অনেক চেষ্টা করেও পাওয়া যায়নি। বর্তমান ড্রেজারটি সময়মতো না পৌঁছায় কাজ শুরু করতে দুই সপ্তাহ দেরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন করা যাবে বলে আমি আশাবাদী।’ পাউবোর সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম বলেন, ‘সাংসদের অসন্তোষের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরাও ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করতে তাগিদ দিচ্ছি।’ফেঞ্চুগঞ্জের ইউএনও লুৎফুর রহমান জানান, বাঁধ ও ইটভাটা অপসারণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা কোনো সিদ্ধান্ত পাননি।