জুড়ী সদরের অধিকাংশ সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের স্থানে স্থানে কার্পেটিং, বিটুমিন ও নুড়িপাথর বেশ আগেই উঠে গেছে। সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে। তখন লোকজনের চলাচলে দুর্ভোগের শেষ থাকে না। যানবাহনের চাকা গর্তে পড়লে ছিটকানো কাদাজলে ভিজতে হয় পথচারীদের। এ দৃশ্য মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের অধিকাংশ সড়কের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ না হওয়ায় সড়কগুলোর এই দশা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের ডাকঘর, জাঙ্গিরাই কালীবাড়ি, বড়মসজিদ, কামিনীগঞ্জ বাজার, ভবানীগঞ্জ বাজার, রেলস্টেশন ও ডাকবাংলো সড়ক গর্তে ভরা। স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা জামা-কাপড় গুটিয়ে সড়কে চলাচল করছে। ছিটকানো কাদাজল থেকে রক্ষা পেতে সড়কের দুই পাশের কয়েকজন মুদি ও পানের দোকানদার পলিথিন দিয়ে মালপত্র ঢেকে রেখেছেন।ডাকঘর সড়ক এলাকার ব্যবসায়ী জাবেদ আহমদ (২৮) বলেন, ‘এইটা ব্যস্ত রাস্তা। কিন্তু কয়েক বছর ধরি ভাঙাচোরা অবস্থায় পড়ি রইছে। কেউ যেন দেখার নাই।’একই এলাকার আরেক ব্যবসায়ী কামাল আহমদ (২৫) বলেন, ‘বৃষ্টি দিলে রাস্তা দিয়া আটার (হাঁটার) উপায় নাই।’ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর সড়কগুলোর দুর্দশার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই পয়েন্ট থেকে লাঠিটিলা পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়া সম্প্র্রতি সম্পন্ন হয়েছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে কাজটি পেয়েছে কুলাউড়ার এম আই ইন্টারন্যাশনাল। বৃষ্টির কারণে ঠিকাদার কাজ শুরু করতে পারছেন না। ওই কাজ আগামী অর্থবছরে হবে। সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত প্রথম আলোকে বলেন, লোকজনের দুর্ভোগ লাঘবে জুড়ীর বিভিন্ন সড়কের গর্তগুলো ভরাটের উদ্যোগ নেওয়া হবে।