জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ পাঁচ বছরেও শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থান নির্ধারণ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ দীর্ঘ পাঁচ বছরেও শুরু করা সম্ভব হয়নি। স্থানীয় সাংসদ চার মাস আগে এ কাজ শুরু করার আশ্বাস দেন। কিন্তু ওই আশ্বাস অনুযায়ী আজও কাজ শুরু হয়নি। এতে উপজেলার প্রায় দেড় লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করতে উপজেলা সদরে চারটি স্থানের নাম প্রস্তাব করা হয়। ওই সময় তত্কালীন জেলা প্রশাসক মুহাম্মদ আলকামা সিদ্দিকীর সভাপতিত্বে জেলা স্থান নির্ধারণ কমিটির একটি সভা হয়। ওই সভায় পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকার পাঁচ একর জমিতে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলে ওই জমির একজন অংশীদার অধিগ্রহণের নোটিশের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এতে নির্মাণকাজে অনিশ্চয়তা দেখা দেয়। ২০০৬ সালের শেষের দিকে আদালত মামলাটি খারিজ করলে ওই ভূমির মালিক উচ্চ আদালতে রিট করেন। এ অবস্থায় জেলা স্থান নির্ধারণ কমিটি জুড়ী-বড়লেখা সড়কের পাশে বাছিরপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু ভূমি মন্ত্রণালয় ওই প্রস্তাব বাতিল করে দেয়। সাংসদ মো. শাহাব উদ্দিন বলেন, ‘উত্তর ভবানীপুর এলাকার ভূমি-মালিককে জনস্বার্থে মামলা প্রত্যাহার করতে একাধিকবার অনুরোধ করেছি। কিন্তু তাঁকে রাজি করানো যায়নি। বিকল্প কোনো জায়গাও পাওয়া যাচ্ছে না। তবে খোঁজ চলছে।’