জুড়ীতে অপহরণ করে ১৩ লাখ টাকা ছিনতাই!
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল বুধবার বিকেলে চা-বাগানের ছয় কর্মকর্তা-কর্মচারীকে অপহরণ করে দুর্বৃত্তরা প্রায় ১৩ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করা হয়েছে। পুলিশ চালকসহ ছিনতাইয়ে ব্যবহূত মাইক্রোবাসটি আটক ও দুই লাখ টাকা উদ্ধার করেছে। চালকের নাম আতিকুর রহমান (২৫)। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মোক্তারপুর গ্রামে।চা-বাগান কর্তৃপক্ষ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ধামাই টি কোম্পানির মালিকানাধীন উপজেলার ধামাই, সোনারূপা ও আতিয়াবাগ চা-বাগানের ছয় কর্মকর্তা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধের টাকা তোলার জন্য গতকাল বিকেলে একটি জিপ নিয়ে উপজেলা সদরের কৃষি ব্যাংকে যান। ফেরার পথে বিকেল সাড়ে চারটায় ধামাই চা-বাগানের নির্জন এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে আট-দশজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। তারা অস্ত্রের মুখে টাকাভর্তি তিনটি বস্তাসহ কর্মকর্তা-কর্মচারীদের মাইক্রোবাসে তুলে নিয়ে বড়লেখার দিকে রওনা দেয়। মাইক্রোবাসটির চাকা নষ্ট হয়ে গেলে বড়লেখার দরগাহ বাজার এলাকায় তারা সেটিকে রেখে অন্য একটি গাড়িতে করে পালিয়ে যায়। ছিনতাইকারীরা বাগানের কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি থেকে নামিয়ে বড়লেখা-বিয়ানীবাজার সড়কের চাঁন্দগ্রাম এলাকায় ফেলে রেখে যায়। পুলিশ সেখান থেকে তাঁদের উদ্ধার করে।ধামাই চা-বাগানের ব্যবস্থাপক গোপাল শিকদার প্রথম আলোকে বলেন, চা-বাগানের জিপে চালক আবদুর রহিম, সোনারূপার করণিক নবীন সিংহ ও সুব্রত ভট্টাচার্য, ধামাইয়ের করণিক জাহিদ হোসেন, আতিয়াবাগের করণিক বীরচাঁন সিংহ ও যন্ত্রকৌশলী বাদল নায়েক ছিলেন। তাঁরা ব্যাংক থেকে তিনটি চটের বস্তায় মোট ১২ লাখ ৮১ হাজার ৬০০ টাকা নিয়ে রওনা দেন। ঘটনার পর আশপাশের লোকজনের কাছ থেকে বিষয়টি জেনে তাঁরা পুলিশকে জানান।বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন গতকাল সন্ধ্যায় জানান, মাইক্রোবাসে রাখা একটি চটের বস্তায় দুই লাখ টাকা পাওয়া গেছে। পুলিশ চাঁন্দগ্রাম এলাকা থেকে কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে বাগানের লোকজনের সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক চালক ও কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।