জুড়ীতে অবৈধ দোকানঘর এবার পাকা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথের জুড়ী উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকায় রেলসেতু ঘেঁষে নির্মিত টিনের অবৈধ দুটি দোকানঘর এবার পাকা করা হচ্ছে। এ কাজে রেল পুলিশের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে।রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ জানায়, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের উমেদ আলী রেলসেতু এলাকায় রেলপথ থেকে প্রায় ২০ ফুট দূরে কিছু জায়গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেন। আইন অনুযায়ী, ট্রেন চলাচলের স্বার্থে ও দুর্ঘটনা এড়াতে রেলপথ থেকে ২০ ফুটের ভেতরে কোনো জায়গা ইজারা দেওয়া হয় না।প্রত্যক্ষদর্শীরা জানান, মাস খানেক আগে উমেদ শ্রমিকদের দিয়ে রেলসেতুর এক পাশের উঁচু মাটি তিন-চার ফুট গভীর করে কেটে সমান্তরাল করেন। পরে সেখানে টিনের দুটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দেন। এলাকার লোকজন বিষয়টি প্রশাসন, রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ ও রেল পুলিশের কর্মকর্তাদের জানান। এ ছাড়া এ ঘটনায় কুলাউড়া-শাহবাজপুর রেলপথ দেখাশোনার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) পীযূষ কান্তি ভট্টাচার্য কুলাউড়া রেলওয়ে (জিআরপি) থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে রেল পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জানতে চাইলে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের জরিপকারক আমিন উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে যাওয়া রেল পুলিশের কর্মকর্তারা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিতে পারতেন, আইনানুগ ব্যবস্থাও নিতে পারতেন। কিন্তু তাঁরা কোনোটাই করেননি। এ ক্ষেত্রে তাঁদের সম্পৃক্ততা আছে বলে মনে করছি।’কুলাউড়া জিআরপি থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া বলেন, ‘কাটা অংশ থেকে স্থাপনা সরিয়ে সেখানে মাটি ভরাট করে দিতে বলা হয়েছে উমেদকে। তিনি তা না করলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ কথা বলতে একাধিকবার উমেদ আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।