কুলাউড়াতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল তরুণীর
বাস থেকে নেমে হেঁটে বোনের বাড়িতে যাচ্ছিলেন লাকি বেগম (১৮)। হঠাত্ পেছন থেকে দ্রুতবেগে ছুটে আসা একটি অ্যাম্বুলেন্স তাঁকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চুনঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
লাকি কুলাউড়া সদর ইউনিয়নের পূর্ব করেরগাঁও গ্রামের সুলতান মিয়ার মেয়ে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা মৌলভীবাজার-কুলাউড়া সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, নিহত তরুণীর স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুনঘর এলাকায় লাকির বড় বোনের বাড়ি। সেখানে বেড়ানোর উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে রওয়ানা দেন। লাকিকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটিতে সাইরেন বাজতে দেখা যায়। তবে এটি কোন প্রতিষ্ঠানের, তা শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর এলাকার লোকজন চুনঘর এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তারের আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে সোয়া ছয়টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিনয় ভূষণ রায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অ্যাম্বুলেন্সটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।