জুড়ীতে আটজন নারীশ্রমিক দুই মাসের মজুরি পাননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মৌলভীবাজারের জুড়ী উপজেলা কার্যালয়ের একটি প্রকল্পে কর্মরত আটজন নারীশ্রমিক দুই মাসের মজুরি পাননি বলে অভিযোগ করেছেন। এ ছাড়া ওই প্রকল্পের কয়েকজন শ্রমিকের তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কার্যালয় ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে (২০১০-১১) এলজিইডির জুড়ী কার্যালয়ের তত্ত্বাবধানে পল্লি সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি নামে তিন বছর মেয়াদি একটি প্রকল্প চালু হয়। প্রকল্পের কুলাউড়া-গাজীপুর-সাগরনাল সড়কে হাজেরা বেগম, পূর্ণিমা বাউরি, ফুলমণি মালী, শনকা বাউরি ও ছায়াতুন বেগম এবং সাগরনাল-গোয়ালবাড়ী সড়কে হাওয়ারুননেছা (১), হাওয়ারুননেছা (২), তরিবুননেছা, ছমিরুননেছা, ভাগ্যবতী খয়রা, তয়জুননেছা, নেহারা বেগম, সুকৃতি বিশ্বাস, পূর্ণিমা মালাকার ও মালতি মালাকারকে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর কার্যতদারককারী হিসেবে নিয়োগ পান আসমা বেগম। দৈনিক ৯০ টাকা করে তাঁদের মজুরি পাওয়ার কথা।সূত্র জানায়, আসমা, ছায়াতুন ও হাজেরার নামে তাঁর দেবর কবির সংশ্লিষ্ট অন্য কার্যালয়ে কাজ করছেন। ভাগ্যবতী, সুকৃতি, পূর্ণিমা মালাকার ও মালতি নামে কোনো শ্রমিক কাজ করেন না। বাকি আটজন শ্রমিক শুধু একটি সড়কে কাজ করছেন। সূত্র জানায়, প্রকল্পের ১৬ জন শ্রমিকের জুলাই মাসের মজুরি জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাওয়া যায়নি। তবে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মজুরি পাওয়া গেছে। কার্যালয়ের নথিপত্রে তিন মাসের মজুরি পরিশোধের কথা উল্লেখ করা আছে। সাগরনাল-গোয়ালবাড়ী সড়কে কর্মরত শ্রমিক হাওয়ারুননেছা (১) বলেন, ‘অফিসর (এলজিইডি কার্যালয়) স্যার (কর্মকর্তারা) হখলে খইছইন দুই মাসোর টেখা (মজুরি) আইছে না। ঈদ (ঈদুল আজহা) গেল। এক টেখাও পাইলাম না। কয়দিন আগে মাত্র এক মাসোর (অক্টোবর) টেখা দেওয়া অইছে।’ একই সড়কে কর্মরত হাওয়ারুননেছা (২), পূর্ণিমা, ফুলমণি, শনকা, তরিবুন, ছমিরুন ও তয়জুন আগস্ট ও সেপ্টেম্বর মাসের মজুরি পাননি বলে অভিযোগ করেন।এলজিইডির জুড়ী কার্যালয়ে গেলে অফিস সহকারী অলকা ভট্টাচার্য দাবি করেন, শ্রমিকদের জুলাই মাসের মজুরির টাকা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাওয়া যায়নি। আর আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মজুরি পরিশোধ করা হয়েছে। প্রকৌশলী রফিকুল ইসলাম হজ পালনের জন্য ২৭ অক্টোবর থেকে ছুটিতে আছেন। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি। প্রকৌশলীর অবর্তমানে দায়িত্বে থাকা নতুন যোগ দেওয়া সহকারী প্রকৌশলী আনোয়ারুল হক বলেন, ‘শ্রমিকদের দুই মাসের বেতন না পাওয়া এবং তথ্যে গরমিল থাকার বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোপাল চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।