জুড়ীতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, দুই এসআই লাঞ্ছিত!
মৌলভীবাজারের জুড়ীতে গ্রেপ্তারের পর এক আসামিকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জুড়ী থানার দুই উপপরিদর্শক (এসআই) লাঞ্ছিত হন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজার সেতুর কাছে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল আহমদের বিরুদ্ধে গত বছরের ৬ ফেব্রুয়ারি কুলাউড়া রেলওয়ে থানায় (জিআরপি) একটি চুরির মামলা হয়। ওই মামলায় আদালত একই বছরের ১ ডিসেম্বর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। উজ্জ্বলের অবস্থান জেনে তাঁকে গ্রেপ্তার করতে জুড়ী থানার এসআই দেলোয়ার হোসেন ও জাহিদুল হক সাধারণ পোশাকে গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে কামিনীগঞ্জ বাজার সেতু এলাকায় যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আসামিকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর পরপরই ৫০-৬০ জন লোক এসে পুলিশের দুই কর্মকর্তাকে ঘিরে ফেলেন। তাঁদের বেশির ভাগই আসামির আত্মীয়স্বজন। তাঁরা পুলিশের কাছ থেকে আসামিকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান এবং দুই পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে লোকজন সটকে পড়েন। পরে উজ্জ্বলকে থানায় নিয়ে যায় পুলিশ। এসআই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আসামির কয়েকজন নিকটাত্মীয় তাঁদের গায়ে হাত তুলেছেন। ওসি মো. হাসানুজ্জামান গতকাল রাতে জানান, ‘আসামির আত্মীয়স্বজনেরা পুলিশের কাজে বাধা দিয়েছেন। কাজটি মোটেই সমীচীন হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’