মৌলভীবাজারের জুড়ীতে ‘ভুয়া’ ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণে সহযোগিতার অভিযোগে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির একাংশের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নীলবাবু সিংহসহ ১২ জনের বিরুদ্ধে গত শনিবার রাতে থানায় একটি মামলা হয়েছে। একই ইউনিয়নের বড় ধামাই গ্রামের বাসিন্দা আদর উদ্দিন বাদী হয়ে জুড়ী থানায় এই মামলা করেন।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে গতকাল রোববার প্রথম আলোকে জানান, ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৯ আগস্ট প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের বাসিন্দা হিসেবে ১০ ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়। তাঁরা হচ্ছেন চাওথোই সিংহ (ভোটার নম্বর-৫৮০৩১৯৬৬৬৬০৩), নানাও দেবী (৫৮০৩১৯৬৬৫৮৬৭), ববিতা দেবী (৫৮০৩১৯৬৬৫৯০৯), রুমি সিংহ (৫৮০৩১৯৬৬৫৫৫৩), ধনীচাইমা সিংহ (৫৮০৩১৯৬৬৫৯৬২), মানান শর্মা (৫৮০৩১৯৬৬৫৬৯৬), রেণু সিংহ (৫৮০৩১৯৬৬৫৮৭১), উলেন সিংহ (৫৮০৩১৯৬৬৫৫৫৯), শৈলেজা (৫৮০৩১৯৬৬৫৫৫৪) ও জাইকাবা সিংহ (৫৮০৩১৯৬৬৫৫৯৩)।এজাহারে বলা হয়েছে, ওই ব্যক্তিদের এলাকার কেউ চেনেন না। তাঁরা ভারতের নাগরিক এবং সে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠনের সদস্য। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের সহযোগিতায় তাঁরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।এ ব্যাপারে আদর উদ্দিন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ও উল্লিখিত ১০ জনকে আসামি করে মামলা করেন।পূর্ব জুড়ীর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, এ বিষয়ে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ইউপি সদস্য নীলবাবু সিংহের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর প্রথম আলোয় ‘ভোটার তালিকায় তাঁরা কারা?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।