জুড়ীতে ইউপি নির্বাচনে 'ভোট ডাকাতির শঙ্কা' প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা ‘ভোট ডাকাতির’ আশঙ্কা প্রকাশ করেছেন। গতকাল সোমবার প্রার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় ও নির্বাচনী আচরণ বিধিমালা-সংক্রান্ত সভায় প্রার্থীরা এ আশঙ্কার কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্লাহ খান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা হয়। এতে ইউএনও নাছির উল্লাহ খান সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন সভা সঞ্চালনা করেন। সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্ব জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মঈনুল ইসলাম বলেন, ‘নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা ভোট দিলে পাস, না দিলেও পাস বলে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনে ভোট ডাকাতির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নির্বাচন কতটুকু অবাধ ও নিরপেক্ষ হবে, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে।’
গোয়ালবাড়ী ইউপিতে বিএনপির প্রার্থী মোস্তাক খান বলেন, আচরণবিধি লঙ্ঘন করে মৌলভীবাজার-১ আসনের সাংসদ শাহাব উদ্দিনের উপস্থিতিতে এলাকার একটি সভায় নৌকায় সমর্থন চাওয়া হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী এক ভোটে হলেও পাস করবেন বলে প্রচার চালানো হচ্ছে।
গণমাধ্যমকর্মী আল-আমিন আহমদ বলেন, মনোনয়নপত্র দাখিলের দিন থেকেই বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের পক্ষে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলে মহড়া ও মিছিল হচ্ছে। এ নিয়ে সংবাদও ছাপা হয়েছে। কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না।
জায়ফরনগর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা দেবল সরকার এবং পূর্ব ও পশ্চিম জুড়ী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।