জুড়ীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে হাঁস খামারের এক মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাবুল হোসেনের একটি হাঁসের খামার রয়েছে। দিনে হাঁসগুলোকে পার্শ্ববতী জুড়ী নদী ও হাকালুকি হাওরের জলাশয়ে চরানো হয়। শুক্রবার বিকেল চারটার দিকে বাবুলের কয়েকটি হাঁস আবদুল লতিফের ধানের জমিতে ঢুকে পড়ে। এ নিয়ে লতিফ ও তাঁর আত্মীয়স্বজনেরা বাবুলকে বকাঝকা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লতিফসহ অন্যরা লাঠি দিয়ে বাবুলকে বেধড়ক পেটান। পরে গুরুতর আহত অবস্থায় বাবুলকে উপজেলা সদরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাবুলের স্ত্রী লেবু বেগম বাদী হয়ে কালনীগড় গ্রামের আবদুল লতিফ, মঙ্গল হোসেন ও রমুজ মিয়াকে আসামি করে শুক্রবার রাতে জুড়ী থানায় হত্যা মামলা করেন।