জুড়ীতে একটি পরিবার ১৪ দিন ‘একঘরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু চুরিতে জড়িত থাকার অভিযোগে সমাজপতিরা মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের একটি পরিবারকে ১৪ দিন ধরে ‘একঘরে’ করে রেখেছেন। পরিবারটিকে একঘরে করার বিষয়টি মাইকযোগে এলাকায় প্রচার করারও অভিযোগ উঠেছে।পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ৯ আগস্ট জায়ফরনগরের নয়াগ্রামের একটি বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়। পরদিন এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ চোরাই হওয়া গরুসহ পাশের বেলাগাঁও গ্রামের রুবেল (২২) নামের এক ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে ওই দিনই (১০ আগস্ট) গরুর মালিকদের পক্ষে আসুক মিয়া বাদী হয়ে রুবেল, বেলাগাঁওয়ের হাশেম ও সোনাপুরের আমিরুল ইসলামকে আসামি করে মামলা করেন।এলাকাবাসীর ভাষ্যমতে, ১৬ আগস্ট বাদ জুমা পূর্ব বেলাগাঁও মসজিদে স্থানীয় পঞ্চায়েতের (সোনাপুরের লোকজনও ওই পঞ্চায়েতের অন্তর্ভুক্ত) একটি বৈঠক হয়। সেখানে পঞ্চায়েতের মুরব্বি বারিক সরদার, সুরুজ মিয়া, মনফর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। বৈঠকে সমাজপতিরা পঞ্চায়েতের লোকজনের সঙ্গে আলোচনা করে আমিরুলের পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত দেন। পরে মসজিদের মাইকে তা প্রচার করা হয়। এ ছাড়া ওই দিন বিকেলে পঞ্চায়েতের পক্ষ থেকে সিদ্ধান্তের বিষয়টি এলাকায় মাইকযোগে প্রচার করা হয়। সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বৈঠকে উপস্থিত সোনাপুরের বাসিন্দা আবদুর রব (৩৫) বলেন, ‘বটল (আমিরুলের ডাকনাম) এলাকার চিহ্নিত চোর। তাঁর উৎপাতে গ্রামবাসী অতিষ্ঠ। আশপাশের গ্রামের লোকজন বেলাগাঁও-সোনাপুরকে চোরের গাউ (গ্রাম) বলে। এই অপবাদ কি সহ্য করা যায়! তাই বৈঠক করে বটলের পরিবারকে একঘরে করা হয়েছে।’ গতকাল শুক্রবার মুঠোফোনে জানতে চাইলে আমিরুল গরু চুরিতে জড়িত নন বলে দাবি করেন। তিনি জানান, তাঁদের বাড়ির দুটি মেয়ে প্রায় চার কিলোমিটার দূরে উপজেলা সদরের বিদ্যালয়ে পড়ে। বাড়ির কাছে কণ্ঠিনালা নদী থাকায় গ্রামের শিক্ষার্থীরা নৌকায় করে সহজে বিদ্যালয়ে যাতায়াত করে। পঞ্চায়েতের সিদ্ধান্তের পর তাঁদের বাড়ির মেয়েদের নৌকায় ওঠানো হয় না। তারা (মেয়েরা) হেঁটে আসা-যাওয়া করে। গ্রামের লোকজন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে না। রাস্তায় দেখা হলে তারা (গ্রামবাসী) মুখ ফিরিয়ে নেয়। গ্রেপ্তার এড়াতে তিনি (আমিরুল) পালিয়ে আছেন বলে জানান।পূর্ব বেলাগাঁও মসজিদ কমিটির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু তাহের ক্ষোভের সঙ্গে গতকাল বলেন, ‘বটল গরু চুরি করলে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু তাঁর পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত অমানবিক। বৈঠকের দিন আমি এলাকায় ছিলাম না। থাকলে এর বিরোধিতা করতাম। মুরব্বিদের সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বলেছি।’ মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘একঘরে করে রাখার বিষয়টি আগে কেউ জানায়নি। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’