মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীর বিরুদ্ধে দুটি কাজের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ক্ষুব্ধ সাধারণ ঠিকাদারেরা গতকাল বুধবার স্থানীয় সাংসদের উপস্থিতিতে হট্টগোল করেন। পরে সাংসদের উদ্যোগে দরপত্র-প্রক্রিয়া স্থগিত করা হয়।এলজিইডি ও ঠিকাদার সূত্রে জানা গেছে, প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে জুড়ীর সাগরনাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এবং প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহিম প্রাথমিক বিদ্যালয় ভবনসহ সেখানে স্বাস্থ্যসম্মত পায়খানা, নলকূপ ও বিদ্যুতায়নের জন্য এলজিইডির উপজেলা প্রকৌশলী এস এম আনোয়ারুল হক ২৭ এপ্রিল দৈনিক ডেসটিনি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করেন। বিজ্ঞপ্তিতে গতকাল ২৩ মে বিকেল পাঁচটা পর্যন্ত দরপত্র কেনার এবং আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সর্বশেষ সময় উল্লেখ করা হয়। দরপত্র কেনা ও জমা দেওয়ার স্থান হিসেবে এলজিইডির জুড়ী, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী ও কুলাউড়া কার্যালয় উল্লেখ করা হয়।সাধারণ ঠিকাদারদের ভাষ্যমতে, দরপত্র আহ্বানের নিয়মানুযায়ী বহুল প্রচারিত জাতীয় দৈনিকে দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। কিন্তু যে সংবাদপত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা বহুল প্রচারিত নয়। সম্প্রতি ঠিকাদারেরা বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তির খবর পেয়ে দরপত্র কিনতে উল্লিখিত তিনটি কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু এসব কার্যালয়ে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাঁদের কাছে দরপত্র নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ব্যাপারে জুড়ী কার্যালয়ের প্রকৌশলীর সঙ্গে কথা বলতে ঠিকাদারদের অনুরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জলমহাল ব্যবস্থাপনা কমিটির একটি সভা ছিল। সেখানে কমিটির উপদেষ্টা ও মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন, ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদ, এলজিইডির প্রকৌশলী এস এম আনোয়ারুল হক, আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে ১০-১৫ জন ঠিকাদার সভাকক্ষে ঢুকে উত্তেজিত হয়ে দরপত্র আহ্বানে প্রকৌশলী আনোয়ারুলের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে প্রকৌশলী আনোয়ারুল ও ঠিকাদারেরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।এ সময় সাংসদ শাহাব উদ্দিন সবাইকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সাংসদ এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে কথা বলে দরপত্র-প্রক্রিয়া স্থগিতের উদ্যোগ নেন। এ ছাড়া স্থগিতের নোটিশ এলজিইডির কার্যালয় বোর্ডে দ্রুত সাঁটানোর নির্দেশ দেন প্রকৌশলীকে। ঠিকাদার মঈনুল ইসলাম, আবুল বাশার, কিশোর রায় চৌধুরী, রিংকু রঞ্জন দাশ, কামরুল ইসলামসহ আরও কয়েকজন অভিযোগ করেন, পছন্দের ঠিকাদারদের গোপনে কাজটি পাইয়ে দিতে প্রকৌশলী আনোয়ারুল অনিয়ম করেছেন। তবে ‘পছন্দের ঠিকাদারদের’ নাম বলতে তাঁরা রাজি হননি। এ ব্যাপারে জানতে চাইলে এলজিইডির প্রকৌশলী এস এম আনোয়ারুল হক বলেন, ‘অনিবার্য কারণবশত দরপত্র-প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরে পুনরায় দরপত্র আহ্বান করা হবে।’ অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি কিছু বলতে চাননি।হট্টগোলের সত্যতা নিশ্চিত করে সাংসদ মো. শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলা প্রকৌশলীর কাজে স্বচ্ছতা ছিল না। তিনি একেকবার একেক কথা বলছিলেন। তাই স্থানীয় ঠিকাদারদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।