জুড়ীতে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, আত্মহননের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু জিনিস কিনতে কিশোরী (১৫) চাচাতো ভাইকে (১২) সঙ্গে নিয়ে গত শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে বাড়ির পাশের একটি মুদি দোকানে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাদের কাছে থামে। গাড়ি থেকে তিন যুবক নেমে মেয়েটি ও তার ভাইয়ের মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। তাদের গাড়িতে তুলে নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে ছেলেটিকে গাড়িতে আটকে রেখে বখাটেরা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা পর রাত নয়টার দিকে বখাটেরা একটি প্রাইভেট কারে করে তাদের নিয়ে বাড়ির কাছে ফেলে দিয়ে চলে যায়। লজ্জা আর অপমানে আত্মহননের চেষ্টা চালায় ওই কিশোরী। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে পুলিশ সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. আবদুল্লাহকে গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষ চাকমা গতকাল সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গিয়ে বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ওই ঘটনায় গতকাল রাতে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষণকারীরা হলো, সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের রহিম উদ্দিন ও উত্তর বড়ডহরের সিরাজ মিয়া পাশের গোয়ালবাড়ি ইউনিয়নের জালালপুর গ্রামের আসাদ উদ্দিন। কিশোরীর বাবা জানান, দোকান থেকে ফিরতে দেরি দেখে আশপাশে খোঁজাখুঁজি করে ভাই-বোনের সন্ধান না পেয়ে তাঁরা উৎকণ্ঠিত হয়ে পড়েন। রাত নয়টার দিকে মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশে দুজনকে ফেলে একটি প্রাইভেট কারকে চলে যেতে দেখেন এক প্রতিবেশী। ওই প্রতিবেশীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ভাই-বোনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। কিশোরী ও তার ভাই কেঁদে কেঁদে স্বজনদের ঘটনাটি খুলে বলে। রাতে কিশোরী আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়।এ ঘটনায় গতকাল রাতে কিশোরীর বাবা তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন। কিশোরীর বাবা অভিযোগ করেন, গতকাল সকালে তিনি মামলা করার জন্য থানায় যেতে চেয়েছিলেন। এ সময় সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ বাড়িতে এসে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে তাঁকে হুমকি-ধমকি দেন। আবদুল্লাহ বখাটে আসাদের আত্মীয় বলে তিনি জানান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।’সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার ও মামলার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান গতকাল রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে জানান, বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পৃথক মামলা হবে। অভিযুক্ত তিন যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ অভিযোগ অস্বীকার করেছেন।