জুড়ীতে গাছচোরদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সোনারুপা চা-বাগানে গত শুক্রবার রাতে গাছচোরদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে মো. নাজিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নাজিমের বাড়ি পূর্ব জুড়ী ইউনিয়নের টালিয়াউরা গ্রামে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন রাত ১১টার দিকে গাছচোরদের একটি দল সোনারুপা চা-বাগানের ১৬ ও ১৭ নম্বর সেকশনে ঢুকে গাছ কাটার চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে চোরের দলটি বাগানের নৈশপ্রহরী সমীরণ রুদ্রপালকে (৩৫) দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে প্রহরী আবদুর রহিম, রাজকুমার, সুভাষ ও জগু এগিয়ে এলে চোরেরা তাঁদের রড দিয়ে পিটিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে বাগান থেকে ‘আকাশমণি’ জাতের তিনটি বড় গাছ করাত দিয়ে কেটে তারা পাচারের চেষ্টা চালায়। খবর পেয়ে চা-বাগানে কর্মরত শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নাজিম গুরুতর আহত হন। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নাজিমের মৃত্যু হয়। আহত অন্যদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় গতকাল দুপুরে বাগানের সার্ভেয়ার ভাগ্য সিংহ বাদী হয়ে নিহত নাজিমসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন এবং নাজিমের বাবা আকমল আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। ওই চা-বাগানের ব্যবস্থাপক শফিক আহমদ জানান, বেশ কিছুদিন ধরে তাঁদের বাগান থেকে বিভিন্ন জাতের গাছ চুরি হচ্ছে। এর আগেও গাছ কাটায় বাধা দেওয়ায় দুর্বৃত্তরা একজন শ্রমিককে কুপিয়েছে। এসব ঘটনায় থানায় একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।দুটি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।