জুড়ীতে গৃহবধূ ও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গৌরীপুর গ্রাম থেকে গতকাল রোববার দুপুরে আমিনা বেগম (২৫) নামের এক গৃহবধূ এবং লাঠিটিলা সংরক্ষিত বন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমিনার বাবার বাড়ি সদর জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামে। একই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী মনসুর আলী (৪০) দিনমজুরের কাজ করেন। আমিনা তাঁর স্বামীর সঙ্গে গৌরীপুর গ্রামেই থাকতেন। পারিবারিক সমস্যা নিয়ে গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে আমিনা বিষপান করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এদিকে গতকাল বেলা একটার দিকে গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই ফাঁড়ি চা-বাগানের কয়েকজন শ্রমিক পাশের লাঠিটিলা সংরক্ষিত বনে কাজে করতে গিয়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পরনে ফুলহাতা শার্ট ও লুঙ্গি ছিল।জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোনায়েম মিয়া বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষপানে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।