জুড়ীতে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামে হাসনা বেগম (২৫) নামের এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে মামলা করায় হাসনার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এ কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূর ভাই। হাসনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন।পারিবারিক সূত্রে জানা গেছে, জুড়ীর ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আবদুল জব্বারের ছেলে আবদুর রবের সঙ্গে বড়লেখা উপজেলার বড়লেখা পৌর এলাকার গাজিটেকা গ্রামের আবদুল করিমের মেয়ে হাসনা বেগমের বিয়ে হয় ২০০০ সালে। আনোয়ার (৯) ও রাহাত (৫) নামে তাঁদের দুটি ছেলে আছে। বিয়ের কয়েক বছর পর হাসনার স্বামী ও তাঁর পরিবার এক লাখ টাকা যৌতুকের জন্য হাসনাকে চাপ দেওয়া শুরু করেন। একপর্যায়ে তাঁরা হাসনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের শেষ দিকে হাসনা ছোট ছেলে রাহাতকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। এরপর যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে হাসনার বাবা আবদুল করিম হাসনার স্বামী রব এবং ভাশুর আবদুর রউফকে আসামি করে গত ডিসেম্বরে বড়লেখার বিচারিক হাকিম আদালতে মামলা করেন। কিন্তু বড় ছেলে আনোয়ারকে দেখার জন্য হাসনার মন ব্যস্ত হয়ে ওঠে। গত ২৮ জানুয়ারি কাউকে না জানিয়ে হাসনা শ্বশুরবাড়িতে চলে আসেন।হাসনার ছোট ভাই ফয়েজ আহমদ (২২) জানান, গত মঙ্গলবার দুপুরে তাঁরা জানতে পারেন, হাসনা আগুনে পুড়ে গেছে। এ খবর পেয়ে তাঁরা হাসনার শ্বশুরবাড়ি গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় পরদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।ফয়েজ আহমদ অভিযোগ করেন, যৌতুকের মামলা করায় প্রতিশোধ নিতে হাসনার স্বামী ও ভাশুর তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। তিনি জানান, এ ঘটনায় তাঁরা জুড়ী থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।