টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একটি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
মির্জাপুর থানার এসআই ছানোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে উপজেলার দক্ষিণ নাজিরপাড়া গ্রামের একটি বাগানে এক নারীর লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। নিহত নারীর মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ওই নারীর লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়ায় মারা যাওয়া বিউটি বেগম ওই উপজেলার চাটেরা গ্রামের মনির হোসেনের স্ত্রী। ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, গত সোমবার বিকেলের দিকে বিউটি কীটনাশক পান করেন। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁর লাশ নিয়ে যায়।