জুড়ীতে গ্রাম রক্ষায় ‘ডুবন্ত বাঁধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমে হাকালুকি হাওরের আফাল বা ঢেউয়ের আঘাতে বসতভিটা ও বাড়িঘরের ভাঙন থেকে গ্রাম রক্ষায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামে নির্মাণ করা হচ্ছে ‘ডুবন্ত বাঁধ’।গ্রামবাসী ও বেসরকারি সংস্থা প্রাকৃতিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান (সিএনআরএস) সূত্রে জানা গেছে, হাকালুকি হাওর লাগোয়া পশ্চিম গোবিন্দপুর গ্রামে ৬৫টি পরিবারে প্রায় ৬০০ মানুষ বসবাস করে। গ্রামের বেশির ভাগ মানুষই দরিদ্র মৎস্যজীবী। প্রতিবছর বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বিভিন্ন নদ-নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর ফুলে-ফেঁপে ওঠে। এ সময় ঝড়ো বাতাসে সৃষ্ট আফাল আছড়ে পড়ে গ্রামটিতে। এতে বসতভিটার মাটি সরে যায়। বাড়িঘরের বেড়া ধসে পড়ে। গ্রামবাসীর দাবির মুখে পরিবেশ ও বন মন্ত্রণালয় ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডের আওতায় ‘ডুবন্ত বাঁধ নির্মাণ এবং বৃক্ষরোপণ’ নামের একটি প্রকল্পের জন্য প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। জানুয়ারির মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শুরু হয়। এর তদারক করছে সিএনআরএস।ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভাষ্যমতে, বর্ষায় হাওরে পানি বেড়ে গেলে এ বাঁধ ডুবে যেতে পারে। তবে বাঁধ ও এর দুই পাশের গাছপালা আফাল ঠেকাবে। এতে বসতভিটা বা বাড়িঘরের ক্ষতি হবে না। এ কারণে এর নাম ডুবন্ত বাঁধ রাখা হয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পশ্চিম গোবিন্দপুরের রসেন্দ্র বিশ্বাসের বাড়ির সামনে থেকে সুকেশ বিশ্বাসের বাড়ি পর্যন্ত এ ডুবন্ত বাঁধ নির্মাণের কাজ চলছে।গোবিন্দপুর ইসিএ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মনীন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, প্রকল্পের শর্তানুযায়ী, মাটি কেনার জন্য ওই টাকা বরাদ্দ দেওয়া হয়। বাঁধ নির্মাণ করা হচ্ছে, এতেই গ্রামবাসী খুশি। গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ ও চারা রোপণের কাজ করছে। তবে বাঁধটি আরও অন্তত এক হাজার ৩০০ ফুট সম্প্রসারণ করা হলে পুরো গ্রাম আফালের হাত থেকে রক্ষা পেত। সিএনআরএসের কুলাউড়া কার্যালয়ের কমিউনিটি ফ্যাসিলিটেটর সুদীপ চৌধুরী বলেন, বাঁধ সম্প্রসারণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ক্লাইমেট চেঞ্জ ইউনিটের ঢাকা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. মনিরুজ্জামান মুঠোফোনে বলেন, বাঁধ সম্প্রসারণের বিষয়ে এলাকাবাসী প্রকল্প তদারককারী কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত প্রস্তাব পাঠালে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।