জুড়ীতে ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুটি পক্ষ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুটি পক্ষের সভাস্থলের কাছে পুলিশ মোতায়েন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উপজেলা কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আজহার আহমদ-সমর্থিত পক্ষ আজ বেলা দুইটায় উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের ইনজাদ আলী মার্কেট চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আছাদ উদ্দিন। অন্যদিকে সংগঠনের উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দিবাকর দাস ও নিপার রেজা-সমর্থিত অপর পক্ষ পার্শ্ববর্তী কলেজ সড়কে একই সময় পাল্টা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আহ্বান করেছে। ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির উপজেলা ‘সমঝোতা’ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন।এ ব্যাপারে আয়োজকদের এক পক্ষের নেতা দিবাকর দাস গতকাল বিকেলে বলেন, ‘এলাকার বিএনপির সাবেক সাংসদ এবাদুর রহমান চৌধুরী ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন সবাইকে মিলেমিশে কর্মসূচি পালন করতে বলেছেন। কিন্তু অন্য পক্ষ আমাদের সঙ্গে আলোচনা না করেই কর্মসূচি ঘোষণা করেছে। তাই নেতা-কর্মীদের চাপে বাধ্য হয়ে আমরা আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করেছি।’ তবে অপর পক্ষের নেতা আজহার আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আলোচনায় বসতে একাধিকবার তাঁদের আমরা ডেকেছি। কিন্তু তাঁরা সাড়া দেননি।’