জুড়ীতে টর্নেডো শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ২০
মৌলভীবাজারের জুড়ী উপজেলার দুটি ইউনিয়নে গত বৃহস্পতিবার গভীর রাতে টর্নেডো হয়েছে। এতে শতাধিক বাড়িঘর ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে হাজারখানেক গাছ। ঘরের নিচে চাপা পড়ে আহত হয়েছে অন্তত ২০ জন।সরেজমিনে ঘুরে ও স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সাগরনাল ও গোয়ালবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে। দুই থেকে তিন মিনিটের টর্নেডোয় সাগরনালের সময়, চাঙ্গারিয়া, বরইতলি, ভরাডহর ও হোসেনাবাদ এবং গোয়ালবাড়ির মন্ত্রীগাঁও, জালালপুর, এলাপুর ও কুটিছড়া গ্রামের শতাধিক কাঁচা ও আধা পাকা বাড়িঘর বিধ্বস্ত হয়।টর্নেডোয় বড়ইতলি গ্রামের জীবন যুপিনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের টিনের চালা উড়ে গেছে। কাত হয়ে পড়েছে দরজা-জানালা। পাশের হাজি সোনামিয়া-আফতারুন্নেসা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের কয়েকটি শ্রেণীকক্ষের টিনের চালা উড়ে দেয়াল ভেঙে পড়ে। বরইতলি গ্রামের দিনমজুর কুলসুমা বেগম (৫০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আতকা তুফান আইল, আর ঘরটা ধপাস করি পড়ি গেল।