জুড়ীতে ট্রাক উল্টে চালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূঁয়াই বাজার এলাকায় মাটিবোঝাই ট্রাক উল্টে চালকসহ দুই ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের বাসিন্দা ট্রাকের চালক সাজিদ মিয়া (৩৫) ও শ্রমিক হারুন মিয়া (৪০)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের আলাউদ্দিন (২০)। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়, পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মাটিবোঝাই ট্রাকটি সোমবার রাত নয়টার দিকে জুড়ী-কুলাউড়া সড়কের ভূঁয়াই বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। শব্দ শুনে প্রথমে আশপাশের লোকজন ছুটে গিয়ে ট্রাকের সামনে বসা হারুন ও আলাউদ্দিনকে টেনে বের করে আনেন। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হারুন মারা যান। রাত ১০টার দিকে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে যন্ত্র দিয়ে গাড়ির দরজা কেটে সাজিদের লাশ বের করেন। অবস্থার অবনতি ঘটায় আলাউদ্দিনকে ওই দিন রাতেই কুলাউড়া থেকে সিলেটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে জুড়ী থানার উপপরিদর্শক স্বাধীন তালুকদার বাদী হয়ে মামলা করেন।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া নিহত ব্যক্তিদের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।