জুড়ীতে ডোবায় অটোচালকের লাশ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার তেতইরতল এলাকায় সড়কের পাশের ডোবা থেকে গতকাল সোমবার বিলাল আহমদ (২৩) নামের এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিলাল বড়লেখা উপজেলার গৌরনগর গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, দুর্বৃত্তরা বিলালকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল সাড়ে ছয়টার দিকে বিলাল স্বজনদের বলেন, কয়েকজন যাত্রী পাশের কুলাউড়া উপজেলায় যাওয়ার জন্য তাঁর গাড়ি ভাড়া করেছেন। পরে তিনি দ্রুত বেরিয়ে পড়েন। রাত ১১টার দিকে বিলালের মুঠোফোন থেকে তাঁর বাবার মুঠোফোনে কল আসে। এরপর থেকে বিলালের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। গতকাল বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন জুড়ী-কুলাউড়া সড়কের তেতইরতল এলাকায় ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে স্বজনেরা গিয়ে লাশটি বিলালের বলে শনাক্ত করেন।