জুড়ীতে দুর্বৃত্তদের হামলায় বিজিবির দুই সদস্য আহত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত এলাকায় গতকাল রোববার দুর্বৃত্তদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুজন সদস্য আহত হয়েছেন।
গুরুতর আহত সিপাহি তরিকুল ইসলামকে (৩২) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর সিপাহি সুমন মিয়া (২৪) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিজিবি জানায়, গতকাল বেলা ১১টার দিকে লাঠিটিলা সীমান্তের ১৮০১ নম্বর মূল সীমান্ত খুঁটি এলাকায় শূন্যরেখায় এক নারীসহ চার-পাঁচজন লোক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। বিজিবির লাঠিটিলা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। বিজিবির পাঁচ সদস্যের টহল দল ক্যাম্পে ফেরার সময় ২০-২৫ জন লোক দা ও লাঠিসোঁটা নিয়ে ছুটে এসে তাঁদের ওপর হামলা চালান। এতে তরিকুল ও সুমন আহত হন। অন্যরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
বেলা দুইটার দিকে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক কর্নেল তারিকুল ইসলাম, বিজিবির ৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সরদার মোহাম্মদ রেজাউল হক ঘটনাস্থলে যান।