জুড়ীতে দেড় হাজার গ্রাহক দুই সপ্তাহ বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের চারটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়েছে। এতে প্রায় দুই সপ্তাহ ধরে এসব এলাকার দেড় হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১১ আগস্ট উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজার, ১৩ আগস্ট সাগরনাল ইউনিয়নের কলাবাড়ী বাজার ও পশ্চিম জুড়ী ইউনিয়নের ধামাই চা-বাগানের ৮ নম্বর বস্তি এবং ১৪ আগস্ট পূর্ব জুড়ী ইউনিয়নের সোনারুপা চা-বাগানের একটি করে মোট চারটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এসব এলাকায় গ্রাহকের সংখ্যা প্রায় দেড় হাজার।

ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়াজ আলী বলেন, ‘বিদ্যুৎ না থাকায় এলাকার লোকজনের দৈনন্দিন কাজকর্মে প্রচণ্ড ব্যাঘাত ঘটছে। সন্ধ্যা নামলেই বাজারে লোকজনের আনাগোনা কমে যায়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে চলে যান।’

জুড়ীতে দায়িত্বে থাকা বিউবোর কুলাউড়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, বজ্রপাতে জুড়ীসহ আশপাশের কুলাউড়া ও বড়লেখা উপজেলায় সাতটি ট্রান্সফরমারের ভেতরের কিছু যন্ত্রাংশ পুড়ে গেছে। সেগুলো মেরামতের জন্য ঢাকার টঙ্গীতে অবস্থিত বিউবোর কেন্দ্রীয় কারখানায় পাঠানো হয়েছে। মেরামতকাজ সম্পন্ন করার পর এসব ট্রান্সফরমার পুনরায় নির্ধারিত স্থানে স্থাপন করা হবে।