জুড়ীতে নতুন বই পায়নি তিন সহস্রাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছিল। ষষ্ঠ শ্রেণির জানালার পাশে দাঁড়িয়ে তা দেখছিল তিন-চারটি শিশু। পাঠদানের সময় বাইরে থাকার কারণ জানতে চাইলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারদিন বলল, ‘সবে নতুন বই পাইছে। আমরা তো পাইছি না। এর লাগি ক্লাস অয় না।’
গতকাল বুধবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার শাহপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সব শ্রেণির নতুন বই না পাওয়ায় বছরের প্রথম দিন উপজেলার ইবতেদায়ি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তা দেওয়া সম্ভব হয়নি। ইবতেদায়ি পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী ৩ হাজার ২৫০ জন। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো চাহিদাপত্র অনুযায়ী ঢাকার ছাপাখানা থেকে সরাসরি বই উপজেলায় পাঠানোর কথা।
শাহপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সফিকুর রহমান বলেন, ‘নতুন বই না পাওয়ায় ইবতেদায়ি শ্রেণির ছাত্রছাত্রীদের মন খারাপ হয়ে গেছে। শিক্ষা কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহে বই এসে যাবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘বই উৎসবের দিনেই ইবতেদায়ি পর্যায়ের শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণির বই পাওয়া গেছে। প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণির বই এখনো আসেনি। সব শ্রেণির বই পেলে একসঙ্গে সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে পরিবহন খরচ কম পড়বে।