জুড়ীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুইয়াছড়ি এলাকায় নদীতে ডুবে আরিফ মিয়া (২) নামের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের এখলাস মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরিফদের বাড়ি কুইয়াছড়ি নদীর পাড় ঘেঁষে টিলার ওপর। সন্ধ্যা সাতটার দিকে তাকে দাঁড় করিয়ে রেখে তার মা বাড়ির নলকূপে থালা-বাসন পরিস্কার করছিলেন। কাজ শেষে আরিফকে খঁুজে পাওয়া যাচ্ছিল না। পরে নদীতে ভাসতে দেখে স্বজনেরা তার লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনফর আলী প্রথম আলো কে জানান, মায়ের কাজের ব্যস্ততার ফাঁকে আরিফ নদীতে পড়ে যেতে পারে বলে তাঁদের ধারণা।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন রাত সোয়া ১০টার দিকে জানান, ঘটনাটি তাঁদের কেউ জানায়নি।