জুড়ীতে নারী ভোটারদের উপস্থিতি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে ভিড় জমান। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন কেন্দ্র ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।
সকাল আটটা ৪৫ মিনিট: ভোট দিতে লাঠিতে ভর করে ওলির ঘাট গ্রাম থেকে হেঁটে গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন সত্তরোর্ধ্ব শরিফা খাতুন। কেন্দ্রের সামনে তাঁর সঙ্গে কথা হয়। ভোট দিতে এসেছেন কেন—এ প্রশ্নে তাঁর সোজাসাপটা কথা, ‘ইটা (ভোট) অইল মূল্যবান আমানত। ইটা তো দেওয়া দরকার। এর লাগি আইছি।’ কেন্দ্রে ঢুকে পুরুষদের চেয়ে নারী ভোটারদের বেশি দেখা যায়। ভোটার রহিমা বেগম বললেন, ‘সকালে মানুষ (ভোটার) কম অইব মনে করছি। এর লাগি আইলাম। অখন দেখি বেশি।’
১০টা ২৪ মিনিট: কুচাই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটারদের বেশি দেখা যায়। সেখানে দেখা হয় বিএনপি-সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হোসনে আরা বেগমের সঙ্গে। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে জানালেন তিনি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খলিলুর রহমান জানালেন, মোট দুই হাজার ৪৪ ভোটের মধ্যে ৬০০ ভোট গ্রহণ করা হয়ে গেছে।
১২টা ৫৯ মিনিট: সাগরনাল ইউনিয়নের আবদুল মান্নান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অনেকটা ফাঁকা চোখে পড়ে। প্রিসাইডিং কর্মকর্তা মুজিবুর রহমান জানালেন, সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটারদের চাপ ছিল বেশি। এ সময়ের মধ্যে মোট তিন হাজার ১০১ ভোটের মধ্যে এক হাজার ৫৪০টি গ্রহণ করা হয়।
একটা ৩৪ মিনিট: সদর জায়ফরনগর ইউনিয়নের কে বি এহিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেশ কিছু পুরুষ ও নারী ভোটারকে দেখা যায়। ভোটার রব মিয়া বললেন, ‘রিকশা চালাই। আইজ তো ছুটি। লম্বা ঘুম দিয়া ভোট দিতাম আইছি।’