জুড়ীতে নিখোঁজের দুই দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের দুই দিন পর জয়রাম মুন্ডা (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনের শংকরজুরা এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর লাশ পাওয়া গেছে। জয়রামের বাড়ি স্থানীয় গোয়ালবাড়ি ইউনিয়নের বেলবাড়ি গ্রামে।পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জয়রাম গত রোববার সকালের দিকে বসতঘরের খুঁটির জন্য গাছ কাটতে লাঠিটিলা সংরক্ষিত বনে যান। পরে আর তিনি বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর গতকাল শংকরজুরায় কাটা একটি গাছের নিচে চাপা পড়া অবস্থায় জয়রামের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। জুড়ী থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, গাছের নিচে চাপা পড়ে ওই লোকটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।