জুড়ীতে পাঁচ চা-বাগানের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি শুরু
মজুরি, রেশন, ঘরবাড়ি মেরামতসহ ২০ দফা দাবিতে মৌলভীবাজারের জুড়ীর ধামাই টি কোম্পানির মালিকানাধীন পাঁচ চা-বাগানের শ্রমিক-কর্মচারীরা আজ রোববার থেকে কর্মবিরতি পালনও শুরু করেছেন। এ দাবিগুলো নিয়ে আজ প্রায় এক ঘণ্টা মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন ধামাই, সোনারুপা, আতিয়াবাগ, শিলঘাট ফাঁড়ি ও পুঁচি ফাঁড়ির শ্রমিকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ সকালে পাঁচ বাগানের দেড় থেকে দুই হাজার শ্রমিক নারী-পুরুষ ও কর্মচারীরা শিলঘাট ফাঁড়ি বাগানের পূজামণ্ডপে জড়ো হন। সেখান থেকে তাঁরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করে বেলা দুইটার দিকে উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে পৌঁছে মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের ৭০০-৮০০ গাড়ি আটকা পড়ে। অবরোধ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাঁচটি বাগানের শ্রমিক ও কর্মচারীদের বেতন, মজুরি, রেশন ও ভবিষ্য তহবিলের টাকা বকেয়া পড়ে রয়েছে। মালিকপক্ষ তা পরিশোধ করছে না। শ্রমিকদের কাঁচা বাড়িঘর মেরামত না করে দেওয়ায় বৃষ্টিতে ভিজে থাকতে হচ্ছে। কোম্পানির চেয়ারম্যান ৩১ মার্চের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে কথাও তিনি রাখেননি। এ অবস্থায় শ্রমিক-কর্মচারীদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত পাঁচ বাগানে লাগাতার কর্মবিরতি চলবে।
সমাবেশে ধামাই বাগান শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি যাদব রুদ্রপাল, সোনারুপা পঞ্চায়েতের সভাপতি বাদল রুদ্রপাল, আতিয়াবাগ পঞ্চায়েতের সভাপতি বদই কুর্মী প্রমুখ বক্তব্য দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে জুড়ী উপজেলা বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে অবরোধ প্রত্যাহারে আন্দোলনকারীদের অনুরোধ করেন। এরপর জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দাবিদাওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
ওসি জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী ও ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খান মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে পূর্বনির্ধারিত ভিডিও সম্মেলনে চলে যান। ওই সম্মেলনে তাঁরা পাঁচ বাগানের সমস্যার বিষয়টি তুলে ধরবেন বলে তাঁকে জানান। এ বিষয়টি আন্দোলনকারী শ্রমিক ও কর্মচারীদের জানালে তাঁরা কর্মসূচি প্রত্যাহারে রাজি হন।
এ ব্যাপারে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করলে ধামাই টি কোম্পানির চেয়ারম্যান সাফিয়া আসাফ আলী প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে পাঁচ বাগানের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবি পূরণ করা হবে।
গত ২১ মার্চ প্রথম আলোয় ‘মজুরি-রেশনের দাবিতে ইউএনওর কার্যালয় ঘেরাও’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।