জুড়ীতে পিআইওর ওপর হামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি সেতুর নির্মাণকাজের অনিয়ম সম্পর্কে জানতে চাওয়ায় ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার বিকেলের ওই ঘটনায় রাতেই জুড়ী থানায় মামলা করেন হামলার শিকার পিআইও মাহবুবুর রহমান ভূঁইয়া। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মামলার অন্যতম আসামি শ্রমিক মুহিবুর রহমানকে (২০) গ্রেপ্তার করেছে।মামলার এজাহার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উদ্যোগে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের মানিকসিংহ-তেঘরিঘাট সড়কের গুঙ্গিজুড়ী খালের ওপর গত ৬ জানুয়ারি থেকে ৩৬ ফুট দৈর্ঘ্যের একটি পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়। কাজটি পান বড়লেখার দক্ষিণভাগ এলাকার বাসিন্দা ঠিকাদার সঞ্জিত দাস। সোমবার বিকেলে সংশ্লিষ্ট পিআইওর উপস্থিতিতে সেতুর এক পাশের পাকা খুঁটির ওপর কংক্রিটের ঢালাই দেওয়ার কথা। কিন্তু গত রোববার রাতে শ্রমিকেরা সে কাজটি গোপনে করে ফেলেন।সূত্র জানায়, গত সোমবার বিকেল চারটার দিকে পিআইও মাহবুবুর জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য মতছিন আলীকে নিয়ে সেখানে যান। এ সময় ঢালাই দেখে তাঁরা অবাক হন। পিআইও এ বিষয়ে জানতে চাইলে শ্রমিকেরা তাঁর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে ওই কর্মকর্তার ওপর হামলা চালান। ইউপি চেয়ারম্যান ও সদস্য তাঁকে উদ্ধার করেন। আহত কর্মকর্তা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক মুহিবুরকে গ্রেপ্তার করে। টের পেয়ে অন্যরা পালিয়ে যান।পিআইও মাহবুবুর রহমান ভূঁইয়া হামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘কোনোভাবেই রাতে ঢালাইয়ের কাজ করার নিয়ম নেই। স্পষ্টতই কাজে অনিয়ম হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ঠিকাদার সঞ্জিত দাসের বক্তব্য পাওয়া যায়নি।