জুড়ীতে পোনা নিধনে ব্যবহূত নিষিদ্ধ জাল জব্দ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরপারের বিভিন্ন স্থানে গতকাল শনিবার মৎস্য বিভাগের লোকজন অভিযান চালিয়ে পোনা নিধনে ব্যবহূত কয়েকটি নিষিদ্ধ জাল ও বেশ কিছু বরফ জব্দ করেছেন। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর নেতৃত্বে একটি দল গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত হাকালুকিপারের নয়াগ্রাম, খালেরমুখ বাজার, বেলাগাঁও ও শাহপুর এলাকায় অভিযান চালায়। এসব এলাকা থেকে প্রায় দুই হাজার লম্বা দুটি বেড় জাল, এক হাজার মিটার লম্বা পাঁচটি কারেন্ট জাল এবং প্রায় দেড় টন ওজনের বরফ জব্দ করা হয়। টের পেয়ে জড়িত লোকজন সটকে পড়েন। জব্দ করা বরফ পানিতে ফেলে নষ্ট করা হয়েছে। অভিযানের সত্যতা নিশ্চিত করে মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বিকেল সাড়ে চারটার দিকে প্রথম আলোকে বলেন, বৈশাখ থেকে শ্রাবণ মাস মাছের প্রজনন মৌসুম। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, এ সময়ে পোনা আটকাতে সক্ষম কম ফাঁসের জাল ব্যবহার নিষিদ্ধ। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হবে। জালের মালিকদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। জহিরুন্নবী আরও জানান, মৎস্য বিভাগ ও পুলিশের নামে খালের মুখ বাজার এলাকার মাছ ব্যবসায়ী কাজল মিয়া স্থানীয় জেলেদের কাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট হারে চাঁদা নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাজল মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।